সাইফুল ইসলাম: মানিকগঞ্জে প্রতিটি ডাব ১৮০ টাকায় বিক্রির দায়ে সুমন মিয়া নামে এক বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনি প্রতিটি ডাব ১১০ টাকায় কিনে ১৮০ টাকায় বিক্রি করছিলেন। এতে প্রতি ডাবে তাঁর লাভ হচ্ছিল ৭০ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের ফটকের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুমন মিয়া প্রতিটি ডাব ১১০ টাকায় কিনে ১৮০ টাকায় বিক্রি করছিলেন। এভাবে প্রতিটি ডাবে ৭০ টাকা লাভ করছিলেন তিনি। অতিরিক্ত দামে ডাব বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


