বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা প্রচার করছে-দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। যা সম্পূর্ণ অপপ্রচার ও নাজায়েজ। কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে কেউ বেহেশতে যেতে পারে-এমন ধারণার কোনো ভিত্তি নেই।
সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজী বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের প্রখ্যাত আলেম সমাজ এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, বারুনবাগী সাহেব জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন এবং চরমোনাইয়ের পীর তাদের পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।
ভোটারদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। আমি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই-আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, অপপ্রচারের ফাঁদে পা দেবেন না।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ক্ষমতায় গেলে বিএনপির প্রতিশ্রুতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করলে ধর্মীয় খাতে ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতনের ব্যবস্থা করা হবে এবং মন্দিরের পুরোহিতদের জন্য বিশেষ ভাতা চালু করা হবে।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে, ব্যক্তিগত স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে। শিল্পায়নের মাধ্যমে নতুন কলকারখানা গড়ে তুলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
নির্বাচনী প্রতিশ্রুতিতে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে সবার আগে মা-বোনদের এবং সনাতন ধর্মাবলম্বী ভাইদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি কৃষকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ধানের শীষকে বিজয়ী করার শপথ নেন।



