একসময় গুগলে কিছু লিখে সার্চ করলেই সামনে আসত একের পর এক ওয়েবসাইটের লিঙ্ক। প্রয়োজনীয় তথ্য পেতে পছন্দের সাইটে ঢুকে নিজের মতো করে পড়ার সুযোগ ছিল। এখন সেই অভিজ্ঞতায় বড় পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সার্চের ফলাফলের শুরুতেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ‘এআই ওভারভিউস’, যেখানে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তৈরি করা হচ্ছে একটি সংক্ষিপ্ত উত্তর। দ্রুত তথ্য পাওয়ার সুবিধা থাকলেও এই পরিবর্তন নিয়ে সব ইউজার যে সন্তুষ্ট, তা নয়।
গুগলের দাবি, এআই প্রযুক্তি সার্চকে আরও কার্যকর ও সমৃদ্ধ করছে। কিন্তু ব্যবহারকারীদের একটি অংশের অভিযোগ, সরাসরি ওয়েবসাইটের তালিকা পাওয়ার বদলে আগে এআইয়ের তৈরি সারাংশ দেখতে হচ্ছে। ফলে প্রয়োজনীয় নির্দিষ্ট তথ্য খুঁজতে আগের তুলনায় বেশি সময় লাগছে বলেও অনেকে মনে করছেন।
এআইয়ের উত্তরেই কি সব সমস্যার সমাধান?
এআই ওভারভিউসের অন্যতম সুবিধা হলো, একাধিক ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে দ্রুত একটি উত্তর দেওয়ার চেষ্টা করা। ফলে কোনো বিষয়ে প্রাথমিক ধারণা নিতে আলাদা করে অনেক ওয়েবসাইট খুলতে হয় না। তবে সমস্যা দেখা দিতে পারে যখন ব্যবহারকারী নির্দিষ্ট কোনো উৎসের বিস্তারিত তথ্য খুঁজছেন। এআইয়ের সংক্ষিপ্ত উত্তরে অনেক সময় পুরো বিষয়টি বোঝা যায় না। তখন সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হয়। অনেক ব্যবহারকারীর পছন্দ ছিল, সার্চের ফলাফলে সরাসরি সেই লিঙ্কগুলো সামনে পাওয়া।
এছাড়া এআই-নির্ভর সার্চে তথ্যের নির্ভুলতা নিয়েও প্রশ্ন রয়েছে। এআই বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে উত্তর তৈরি করে। ফলে কোনো উৎসে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে সেটিও উত্তরে প্রভাব ফেলতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে মূল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য উৎস যাচাই করা এখনো জরুরি।
ওয়েবসাইটগুলোরও চিন্তা বাড়ছে
শুধু সাধারণ ইউজার নয়, সার্চের এই পরিবর্তন নিয়ে ওয়েবসাইট পরিচালনাকারী সংস্থাগুলোর মধ্যেও উদ্বেগ রয়েছে। কারণ আগে গুগলের সার্চ ফলাফলে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেখে ব্যবহারকারী সেখানে প্রবেশ করতেন। সেই ভিজিটর বা ‘ট্র্যাফিক’ অনেক ওয়েবসাইটের বিজ্ঞাপন ও ব্যবসায়িক আয়ের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সার্চ পেজেই যদি ব্যবহারকারীর প্রশ্নের উত্তর পাওয়া যায়, তাহলে মূল ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন কমে যেতে পারে। ফলে প্রকাশক ও বিভিন্ন অনলাইন সংস্থার ওয়েবসাইটে পাঠকের প্রবেশও কমতে পারে এমন আশঙ্কা রয়েছে।
পুরোনো ধরনের সার্চের চাহিদা কি ফিরছে?
এই পরিস্থিতিতে কিছু ব্যবহারকারী এমন সার্চ ইঞ্জিনের দিকে আগ্রহ দেখাচ্ছেন, যেখানে এআই-নির্ভর সারাংশের বদলে সরাসরি ওয়েব লিঙ্ককে গুরুত্ব দেওয়া হয়। তাদের কাছে সার্চের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন উৎস দেখে নিজের মতো করে তথ্য যাচাই করা। তবে এর অর্থ এই নয় যে সবাই এআই সার্চ প্রত্যাখ্যান করছেন। দ্রুত কোনও বিষয় সম্পর্কে ধারণা নেওয়া, কয়েকটি তথ্য একসঙ্গে পাওয়া কিংবা জটিল প্রশ্নের প্রাথমিক উত্তর খোঁজার ক্ষেত্রে এআই সার্চ অনেকের কাছেই সুবিধাজনক।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আসলে বদলে যাচ্ছে সার্চ করার অভ্যাস। কেউ চান দ্রুত উত্তর, আবার কেউ চান নিজের পছন্দের ওয়েবসাইট খুলে বিস্তারিত পড়তে। ফলে ভবিষ্যতের সার্চ ব্যবস্থায় এআইয়ের সুবিধা এবং সরাসরি ওয়েবসাইট খোঁজার স্বাধীনতা দুইয়ের মধ্যে ভারসাম্য কতটা রাখা যায়, সেটিই বড় প্রশ্ন।



