ঋতুপর্ণা-মনিকাদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয় | চ্যানেল আই অনলাইন

ঋতুপর্ণা-মনিকাদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয় | চ্যানেল আই অনলাইন

প্রথমবারের মত মেয়েদের এশিয়ান কাপে খেলা নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মিয়ানমারে বাছাইয়ে তিন ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়ে মূলপর্বে খেলার টিকিট কেটেছে লাল-সবুজের বাঘিনীরা। ঐতিহাসিক এই অর্জনে ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাদের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বাছাই মিশন শেষে রোববার রাত দেড়টার দিকে বাংলাদেশে ফেরে আফঈদা খন্দকারের দল। রাত তিনটার দিকে রাজধানীর হাতিরঝিলে এম্পিথিয়েটারে পিটার বাটলার শিষ্যদের জমকালো সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার সন্ধ্যায় বাছাইয়ে অংশ নেয়া স্কোয়াডের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দেন আসিফ মাহমুদ।

সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অর্থ পুরস্কারের বিষয়টি জানিয়েছে।

মিয়ানমারে বাছাইয়ে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারায়। তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারায় ঋতুপর্ণরা। তিনটি ম্যাচে জিতেই ৯ পয়েন্ট নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

গত বছর সাফ চ্যম্পিয়ন হয়ে ফেরার পর বিজয়ীদের বরণ করে নেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উইনিং বোনাস হিসেবে ১ কোটি টাকার চেক তুলে দেন মেয়েদের হাতে।

Scroll to Top