এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যেসব দুর্বল ব্যাংকগুলো প্রথম ধাপের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে তাদের জন্য ধার পরিশোধের সময় আরও তিন মাস বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের মতো পাঁচ দুর্বল ব্যাংক প্রথম ধাপে তিন মাসে ধার পরিশোধের শর্তে সবল ব্যাংক থেকে ৯০০ কোটি টাকার গ্যারান্টি পায়। তবে শর্তের তিন মাস সময় পার হয়ে গেলেও অর্থ পরিশোধ করতে পারেনি দুর্বল ব্যাংকগুলো। এর ফলে ঋণ পরিশোধে আরও তিন মাস সময় বাড়িয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি নিয়ে এখন পর্যন্ত সাতটি ব্যাংক ৭ হাজার ৩৫০ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটির ধার দুই হাজার ৩৯৫ কোটি টাকা।

এর আগে গত ২২ সেপ্টেম্বর আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে পাঁচটি দুর্বল ব্যাংকে সবল ব্যাংক থেকে ধার নিতে গ্যারান্টি দেয় বাংলাদেশ ব্যাংক।





