বাংলাদেশের পর্যটন খাতের গবেষণা, জ্ঞান বিনিময় এবং টেকসই পর্যটন উন্নয়নের লক্ষ্যে ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ (ইউটিএসএসওবি- উৎসব) এবং চায়না আউটবাউন্ড ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউট (সিওটিআরআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) এ সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।
উৎসবের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি এইচ. এম. হাকিম আলী এবং সাধারণ সম্পাদক রেজাউল একরাম। সিওটিআরআই-এর পক্ষে স্বাক্ষর করেন প্রফেসর ড. উলফগ্যাং জর্জ আরল্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা। এ সময় উৎসবের সহ-সভাপতি তৌফিক রহমান উপস্থিত ছিলেন।
এই সমঝোতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পর্যটন গবেষণা, গন্তব্যভিত্তিক গবেষণা, বাজার বিশ্লেষণ, নীতিমালা প্রণয়নে সহায়তা, দক্ষতা উন্নয়ন, সেমিনার, কর্মশালা এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে একসঙ্গে কাজ করবে। এছাড়াও যৌথ গবেষণা পরিচালনা, গবেষণালব্ধ ফলাফল প্রকাশ এবং টেকসই, দায়িত্বশীল ও পুনর্জাগরণমূলক পর্যটন চর্চার প্রসারে সহযোগিতা করা হবে।
এই অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনের আদান-প্রদান, গন্তব্য ব্যবস্থাপনায় উদ্ভাবনী উদ্যোগ, গবেষণাভিত্তিক পর্যটন পরিকল্পনা ও নীতিনির্ধারণে সহায়তা এবং বাংলাদেশের পর্যটন শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।



