
মুম্বাই, ১০ মার্চ – মাত্র ১৬ বছর বয়সে জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা বিজয়ের মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন শ্রেয়া ঘোষাল। সেখানে প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নজরে পড়েন তিনি। এরপর দেবদাস সিনেমায় প্লেব্যাক করে রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন এই গায়িকা।
দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ২০টি ভিন্ন ভাষায় তিন হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই গুণী শিল্পী।
ব্যক্তিগত জীবনে ২০১৫ সালে দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেন তিনি এবং বর্তমানে এক পুত্রসন্তানের জননী।
সংগীত ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বজুড়ে স্টেজ শো ও কনসার্ট থেকেও মোটা অঙ্কের আয় করেন শ্রেয়া। মুম্বাই ও কলকাতায় তার বিলাসবহুল আবাসন রয়েছে। পাশাপাশি তার সংগ্রহে আছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট এবং মার্সিডিজ বেঞ্জের মতো দামি ব্র্যান্ডের একাধিক গাড়ি।
মূলত গানের সম্মানী, কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেই তিনি এই বিশাল সম্পদের মালিক হয়েছেন।
বিভিন্ন আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে শ্রেয়া ঘোষালের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। এই বিপুল সম্পদের মালিক শ্রেয়া বর্তমানে প্রতিটি গান রেকর্ডিংয়ের জন্য ২৫ থেকে ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। এর মাধ্যমে তিনি এই মুহূর্তে উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন।
পারিশ্রমিকের দিক থেকে এই গায়িকার আগে রয়েছেন কেবল প্রখ্যাত সংগীতশিল্পী এআর রহমান এবং শ্রেয়ার ঠিক পরের অবস্থানে রয়েছেন সুনিধি চৌহান।
এনএন/ ১০ মার্চ ২০২৬





