রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রমকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (২ আগস্ট) সকালে ও দুপুরে উত্তরখানের রাজাবাড়ী এলাকার এসটিএস নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় একদল স্থানীয় ব্যক্তি বাধা দিলে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনার পর দুপুরে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় আবারও উত্তেজনা সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গার্মেন্টস কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মী ও উপস্থিত কর্মকর্তাদের বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুইজনকে আটক করে। সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, পরিচ্ছন্নতা কার্যক্রম ময়লা আবর্জনা পরিচালনা নিয়ে আগে থেকেই কিছু বিরোধ ও অসন্তোষ ছিল। সেই বিরোধের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




