উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড | চ্যানেল আই অনলাইন

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন উরুগুয়ের মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে। সতীর্থ ম্যাথিয়াস অলিভেরার সঙ্গে সংঘর্ষে চোট পাওয়া এই ফুটবলারের অবস্থা এখন পর্যবেক্ষণে রয়েছে। তার এই চোটের জন্য ফিফার কাছ থেকে ক্ষতিপূরণ পেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড।

যদি দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়, তাহলে ফিফার ক্লাব প্রোটেকশন প্রোগ্রাম (সিপিপি) থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবে ইংলিশ ক্লাবটি। ২০১২ সাল থেকে চালু থাকা এই কর্মসূচির আওতায় আন্তর্জাতিক ম্যাচে দুর্ঘটনাজনিত চোটে অন্তত ২৮ দিন মাঠের বাইরে থাকলে সংশ্লিষ্ট ক্লাব খেলোয়াড়ের বেতনের বিপরীতে আর্থিক সহায়তা পায়।

এই কর্মসূচির অধীনে সর্বোচ্চ ৬ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী, উগার্তে ইউনাইটেডে সপ্তাহে প্রায় ১ লাখ ৫০ হাজার পাউন্ড বেতন পান।

এদিকে ইউনাইটেড ছাড়ার কানাঘুষার মধ্যেই চোটে পড়েছেন ২৫ বর্ষী এই মিডফিল্ডার। এসি মিলান ও গালাতাসারায় তাকে দলে নিতে আগ্রহ দেখালেও এই চোট গ্রীষ্মকালীন দলবদলের সম্ভাবনায় প্রভাব ফেলতে পারে।

Scroll to Top