পারিবারিক গল্পভিত্তিক নাটক ও টেলিছবির প্রতি দর্শকের আগ্রহ আবারও বাড়ছে। একক জুটিনির্ভর গল্প থেকে বেরিয়ে এখন নির্মাতারা নানামুখী শিল্পীদের নিয়ে তৈরি করছেন পারিবারিক আবহের গল্প। যেখানে সম্পর্ক, আবেগ ও বাস্তব জীবনের নানা দিক উঠে আসছে।
এই ধারাবাহিকতায় আসন্ন ঈদে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে চ্যানেল আই। ঈদের অনুষ্ঠানসূচিতে থাকছে প্রায় আড়াই ডজন নাটক ও টেলিছবি, যার মধ্যে অন্যতম পারিবারিক টেলিছবি ‘ফ্যামিলি ম্যান’।
ফ্যামিলি ম্যানকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে,“নিজের ইচ্ছা চাপা দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতেই তাদের ঈদের আসল আনন্দ।”
টেলিছবিটি নির্মাণ করেছেন ‘এটা আমাদেরই গল্প’ খ্যাত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। চ্যানেল আই কর্তৃপক্ষ জানাচ্ছে, ঈদের দিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে দর্শক দেখতে পারবেন ঈদের সবচেয়ে বহুল প্রতীক্ষিত এই টেলিছবিটি!
এটি নিয়ে রাজ বলেন,‘ফ্যামিলি ম্যান’ পারিবারিক গল্প, অনেক ইমোশনের গল্প। যারা ঈদের ছুটিতে গ্রামে যায় তারা যেন কাজটি অবশ্যই দেখে এবং দেখার পর তাদের অনুভূতি কেমন হবে, তারা কী ফিডব্যাক দেবেন আমি সেটা দেখার অপেক্ষায় আছি।
তিনি বলেন,“এই গল্পটা আমাদের দেশের স্বচ্ছল ও অস্বচ্ছল সবার সাথে কোনো না কোনো কানেক্ট করবে আমি বিশ্বাস রাখি।”
সিদ্দিক আহমেদের রচনায় টেলিছবিতে অভিনয় করেছেন জোভান, তটিনী, মনিরা মিঠু, রোজি সিদ্দিকী, বড়দা মিঠু, রাজু, ডা. এজাজ, আমিরুল হক চৌধুরী প্রমুখ।




