ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে চার যাত্রী, মহাসড়কে উদ্ধার – DesheBideshe

ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে চার যাত্রী, মহাসড়কে উদ্ধার – DesheBideshe

ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে চার যাত্রী, মহাসড়কে উদ্ধার – DesheBideshe

সিরাজগঞ্জ, ১৪ মার্চ – ঈদে ট্রাকে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন চারজন যাত্রী। এই ঘটনায় সাধারণ ঈদযাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। শনিবার সকালে ঢাকা থেকে বগুড়াগামী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকার জোড়া ব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় ওই চার ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে হাইওয়ে পুলিশ। উদ্ধার হওয়া অচেতন ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জয়পুরহাট জেলার সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে কাইয়ুম মাহমুদ, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান এবং বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল।

অপর একজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ওই চার ব্যক্তিসহ আরও কয়েকজন একটি ট্রাকে করে নিজ নিজ গন্তব্যে ফিরছিলেন। ট্রাকটি টাঙ্গাইলের কাছাকাছি পৌঁছালে অপরিচিত কয়েকজন ব্যক্তি তাদের খাওয়ার জন্য খেজুর দেন। ওই খেজুর খাওয়ার পরপরই তারা অচেতন হয়ে পড়েন। এরপর অজ্ঞান পার্টির সদস্যরা তাদের সিরাজগঞ্জের ভূঁইয়াগাঁতী জোড়া ব্রিজের নিচে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের কাছ থেকে ঠিক কী পরিমাণ নগদ অর্থ বা জিনিসপত্র খোয়া গেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। জ্ঞান ফিরলে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে এবং ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম রনি জানিয়েছেন অসুস্থ চারজনকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণত এ ধরনের ওষুধের প্রভাবে জ্ঞান ফিরতে ২৪ ঘণ্টার মতো সময় লাগে। ইতিমধ্যে তাদের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে রবিবার তারা সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরতে পারবেন।

এস এম/ ১৪ মার্চ ২০২৬



Scroll to Top