ঈদের দিনে ঘুরতে বের হয়ে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুরুজ (১৮) নামের এক তরুল নিহত এবং অপর আরোহী হৃদয় (১৭) আহত হয়েছে।
শনিবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার স্বপনের ছেলে। আহত হৃদয় একই এলাকার শ্মশান পাড়ার বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন ঘুরতে বের হয়েছিলেন দুই তরুণ। তারা মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়ক দিয়ে যাওয়ার সময় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির নিকটবর্তী এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন এবং আহত হৃদয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে নেওয়ার আগেই সুরুজের মৃত্যু হয়েছে। আহত অপরজনের চিকিৎসা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।





