ঈদুল ফিতরের আগেই মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। বিভিন্ন ধর্মগুরুও এ সম্মানি পর্যায়ক্রমে পাবেন বলেও জানা গেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, প্রথমবারের মতো আজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসের প্রথম দিনেই তিনি বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের উপায় নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।
মাহদী আমিন জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-খতিব-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুর জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতা চালুর সিদ্ধান্ত রয়েছে। তিনি বলেন, ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে সারাদেশে তা বাস্তবায়ন করা হবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, কর্মসংস্থান সৃষ্টি ছিল বিএনপির অন্যতম বড় নির্বাচনী প্রতিশ্রুতি। সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ বৃদ্ধি এবং বহির্বিশ্বে জনশক্তি রফতানির জন্য দক্ষ ও যোগ্য জনবল গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন।
মাহদী আমিন বলেন, জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে কাজ করছে সরকার।


