
ঢাকা, ২১ মে – পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে।
বিশেষ ব্যবস্থাপনায় আজ ২১ মে বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মে তারিখের আন্তঃনগর ট্রেনের টিকিট।
রেলওয়ের নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি। আগের সিদ্ধান্ত অনুযায়ী শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে।
যাত্রী সাধারণের সুবিধার্থে আগামী ২২ মে দেওয়া হবে ১ জুনের টিকিট এবং ২৩ মে দেওয়া হবে ২ জুনের অগ্রিম টিকিট। এছাড়া ২৪ মে তারিখে ৩ জুনের এবং ২৫ মে তারিখে ৪ জুনের আসনের টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে এই বিশেষ সময়ে কেনা টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন এবং একাধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
এনএন/ ২১ মে ২০২৬






