ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ১১ বিলিয়ন ডলার: পেন্টাগন | চ্যানেল আই অনলাইন

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ১১ বিলিয়ন ডলার: পেন্টাগন | চ্যানেল আই অনলাইন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের অন্তত ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গোপন কংগ্রেসনাল ব্রিফিংয়ে সিনেটরদের কাছে এই তথ্য তুলে ধরা হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বুধবার বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে পেন্টাগনের কর্মকর্তারা সিনেটরদের জানান, যুদ্ধের প্রথম দুই দিনেই প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।

ছয় দিনের মাথায় সেই ব্যয় বেড়ে দাঁড়ায় অন্তত ১১ দশমিক ৩ বিলিয়ন ডলারে। তবে এই হিসাবে যুদ্ধের আগে সামরিক প্রস্তুতির ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। এই কারণে সংঘাতের প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে বলে মনে করছেন আইনপ্রণেতারা এবং এই বিষয়ে বিস্তারিত তথ্যের দাবি জানাচ্ছেন তারা।

অন্যদিকে ‘ইরান ওয়ার কস্ট ট্র্যাকার’ নামের একটি ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পর্যন্ত ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১৭ দশমিক ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতি সেকেন্ডে প্রায় ১১ হাজার ৫৪৭ ডলার, প্রতি ঘণ্টায় ৪ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৬৬৭ ডলার এবং প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করছে।

তবে এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি পেন্টাগনের এক মুখপাত্র। তিনি বলেন, রুদ্ধদ্বার বৈঠকের আলোচনা নিয়ে তারা মন্তব্য করেন না এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়।

Scroll to Top