
নারায়ণগঞ্জ, ৩ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।
মঙ্গলবার দুপুরে শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীরা ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে আন্তর্জাতিক মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন। তিনি তার বক্তব্যে বলেন দেশে নতুন পার্লামেন্ট বসছে এবং সেখানে এই হামলার বিরুদ্ধে অবিলম্বে নিন্দা প্রস্তাব আনতে হবে। পবিত্র রমজান মাসে শিশু ও হাসপাতালে রোগী হত্যার ঘটনার প্রতিবাদ জানানো অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও উল্লেখ করেন যে সংযম বা যুদ্ধবিরতির সময় শেষ হয়ে গেছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি অপসারণ না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ আন্দোলন অব্যাহত থাকবে। বিশ্ব মুসলিম ও নিপীড়িত মানুষ ইরান ও আফগানিস্তানের পাশে রয়েছে বলেও তিনি দাবি করেন।
উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী এবং মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন। এছাড়াও সহ সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, মহানগর সহ সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ ও জেলা সহ সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী সমাবেশে অংশ নেন।
ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ দলের অন্যান্য নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এম ম/ ৩ মার্চ ২০২৬





