
তেহরান, ২০ জুলাই – ইরানে টানা নবম দিনের মতো বোমাবর্ষণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ভোরে দেশটির একাধিক শহরে যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি সংবাদসংস্থা। প্রতিবেদন অনুযায়ী, তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাশাহর এবং বন্দর ইমাম খোমেনি শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পশ্চিম এশিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনতেই এই নতুন আক্রমণ চালানো হয়েছে। তবে কোন কোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেনি বন্দরনগরীতে একাধিক বিস্ফোরণ ঘটেছে। এর পাশাপাশি হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক এবং বুশেহর প্রদেশের খোরমুজ শহরের কাছেও হামলার খবর পাওয়া গেছে।
উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরে অন্তত তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে ফার্স নিউজ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের কোনারাক ও চাবাহার এলাকায় সক্রিয় করা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এস এম/ ২০ জুলাই ২০২৬




