
তেহরান,১১ অক্টোবর-দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করতে জোরালো প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পশ্চিম, পূর্ব সীমান্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাক্রান উপকূলজুড়ে অর্ধশতাধিক অত্যাধুনিক কম্ব্যাট ও সাপোর্ট ইউনিট মোতায়েন করা হয়েছে। সম্প্রতি এক বিশেষ বক্তব্যে এ তথ্য জানিয়েছেন ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি জাহানশাহি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছে তেহরান। নতুন এই নিরাপত্তাবলয় গড়ে তোলার অংশ হিসেবে সামরিক বাহিনীর অপারেশনাল পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ কাঠামোর বিন্যাসও নতুন করে সাজানো হয়েছে। এ ক্ষেত্রে আধুনিক অস্ত্র যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে পিভিসি বা প্রিসিশন-স্ট্রাইক সক্ষমতাসম্পন্ন স্মার্ট ও নেটওয়ার্কযুক্ত অস্ত্রশস্ত্র।
জেনারেল জাহানশাহি জানান, সম্ভাব্য যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় দেশের সীমান্তগুলোতে স্পেশাল ফোর্সেস, র্যাপিড রিঅ্যাকশন, স্পেশাল অপারেশনস, মেকানাইজড ও আর্টিলারি ইউনিটকে সর্বাত্মক প্রস্তুত রাখা হয়েছে। নৈতিক মনোবল ও সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতার দিক থেকে ইরানের স্থলবাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও স্পষ্ট করেন তিনি।
এস এম/ ১১ অক্টোবর ২০২৬

