সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকটি ইতিমধ্যে স্বাক্ষর হওয়ায় জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
বিবিসিকে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথমে বিবিসিকে জানিয়েছিলেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জেনেভায় তার সফর স্থগিত করছেন।
তিনি বলেন, ‘একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।’
বৃহস্পতিবার ভোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যখন সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্ট থেকে কিছু অংশ সরিয়ে ফেলেন, তখনই এই ইভেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল।
মুছে ফেলা ওই অংশে লেখা ছিল, ‘পাকিস্তানসহ-মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সমর্থনে এই ঐতিহাসিক ঘটনা উদযাপনে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনার সূচনা করতে ১৯ জুন ২০২৬ তারিখে সুইজারল্যান্ডে অনুষ্ঠানের আয়োজন করবে।’
বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছিল যে ইভেন্টটি এখনো বহাল রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় পরিবর্তন হয়।
মধ্যস্থতাকারী হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষরকারীদের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


