ইরানের প্রতিরোধ ও ঐক্য দেখে বিশ্ব বিস্মিত: মাসুদ পেজেশকিয়ান – DesheBideshe



তেহরান, ২৩ আগস্ট – ইরানের প্রতিরোধ, সংহতি ও জাতীয় ঐক্য দেখে বর্তমানে গোটা বিশ্ব বিস্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি একটি টেলিভিশন ভাষণে ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ ও নেতিবাচক মূল্যায়নের কড়া সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।

পেজেশকিয়ান উল্লেখ করেন যে, যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন এমন একটি ধারণা করেছিল যে মার্কিন আগ্রাসনের মুখে ইরানের পতন ঘটবে এবং দেশটি ভেনেজুয়েলার মতো চরম বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হবে। শত্রুপক্ষ ইরানকে দুর্বল করে দেশটির পতন ঘটানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন হিসাব নিকাশ করেছিল।

তবে সেই পরিকল্পনা সফল হয়নি বলে দাবি করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, শত্রুপক্ষের ধারণা ও পরিকল্পনা সফলতার মুখ দেখেনি। বরং ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং নাগরিকদের মধ্যকার ঐক্য ও সংহতি এমন একটি শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে যা এখন পুরো বিশ্বকে অবাক করছে।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কথা বলেন পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন যে দেশের কিছু অভ্যন্তরীণ সমস্যা ও দুর্বলতার সুযোগ নিয়ে শত্রুপক্ষ সমাজে বিভেদ ও ফাটল তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তাদের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছে ইরানের ভেতরে বিভাজন সৃষ্টি করা।

এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমাজে বিভক্তি, পারস্পরিক বিরোধ এবং আত্মঅহমিকা এড়িয়ে জাতীয় ঐক্য ধরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। জাতীয় সংহতি বজায় রাখা এবং শত্রুপক্ষের বিভ্রান্তিকর পরিকল্পনা প্রতিহত করার আহ্বানের মধ্য দিয়ে ভাষণ শেষ করেন ইরানের প্রেসিডেন্ট।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬



Scroll to Top