ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে এমনকি নিজেকেও সম্পৃক্ত রাখার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইরান নতুন নেতা নির্বাচনের চেষ্টা করলে তা অর্থহীন হবে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করে বলেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে তাকে ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে হবে। ট্রাম্পের ভাষায়, খামেনির ছেলে দুর্বল। ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় আমাকে যুক্ত থাকতে হবে।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম আলোচনায় রয়েছে বিষয়টি তিনি জানেন। তবে মুজতবা খামেনিকে নেতা হিসেবে গ্রহণযোগ্য মনে করেন না বলেও স্পষ্ট মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ইরানের নতুন নেতৃত্ব যদি বর্তমান নীতির ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র এমন একজন নেতাকে দেখতে চায়, যিনি ইরানে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম হবেন।


