ফুটবলের প্রতি ভালোবাসার কথা নতুন করে জানালেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ২০২৬ ফিফা বিশ্বকাপজয়ী স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে প্রশংসায় ভাসিয়ে সামাজিক মাধ্যমে দিয়েছেন অনুপ্রেরণামূলক বার্তা।
ইনস্টাগ্রাম স্টোরিতে কার্তিক একটি ভাইরাল ভিডিও শেয়ার করেন। সেখানে বিশ্বকাপ জয়ের পর ছোট ভাই কেইনের সঙ্গে আবেগঘন মুহূর্ত উদযাপন করতে দেখা যায় ইয়ামালকে।
ভিডিওটি শেয়ার করে অভিনেতা লেখেন, “এই ছেলেটা এবং তার জীবনের গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। সব বাধা পেরিয়ে সে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।”
সঙ্গে ইয়ামালকে ট্যাগ করে তিনি আরও লেখেন, “এটাই আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত—ইয়ামাল ও কেইন।” পোস্টে একটি হৃদয়ের ইমোজিও যোগ করেন তিনি।
মাত্র ১৯ বছর বয়সেই স্পেনের বিশ্বকাপজয়ী অভিযানের অন্যতম নায়ক হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণদের একজন হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।
সাধারণ পরিবার থেকে উঠে এসে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার তার গল্প ইতোমধ্যেই কোটি ভক্তকে অনুপ্রাণিত করেছে।
কার্তিক আরিয়ান দীর্ঘদিন ধরেই ফুটবলের ভক্ত হিসেবে পরিচিত। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়েও সামাজিক মাধ্যমে নিয়মিত প্রতিক্রিয়া জানিয়ে থাকেন তিনি।
এদিকে ব্যক্তিগত অর্জনেও উচ্ছ্বসিত সময় পার করছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান যৌথভাবে জিতেছেন তিনি ও মালায়ালাম সিনেমার কিংবদন্তী অভিনেতা মাম্মুট্টি। বলিউড হাঙ্গামা



