এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পারিশ্রমিক ইস্যুতে জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে নিয়ে অপেশাদার মন্তব্য করেছিলেন চিটাগং কিংসের কর্ণধর সামির কাদের চৌধুরী। ওই মন্তব্যের কারণে এবার ক্ষমা চেয়েছেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি জানিয়েছেন।
শনিবার বিপিএলের লিগপর্বের শেষদিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। সেখানে বোর্ড কর্তাদের সাথে বৈঠক করেন। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল আবেদীনসহ সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে প্রসঙ্গক্রমে নাজমুল আবেদীন চিটাগং কিংস মালিকের ক্ষমা চাওয়ার কথা জানান।
বলেছেন, ‘আজকে সেই ফ্র্যাঞ্চাইজি (চিটাগৃং মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাকে পরিষ্কারভাবে জানিয়েছি, এই কথায় আমরা খুবই অসন্তুষ্ট হয়েছি। এভাবে বলার কোনো রাস্তা নেই। সেই ক্রিকেটার জাতীয় দলের হোক কিংবা না হোক। আমরা এ ধরনের আচরণ গ্রহণ করব না। এবং উনি ক্ষমা চেয়েছেন। উনি স্বীকার করেছেন যে তার এই ব্যবহারটা ঠিক ছিল না।’
বিষয়টি নিয়ে কথা বলেছেন আসিফ মাহমুদও। তার মতে এমন কাণ্ড খুবই হতাশানজনক। বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক। কথাটা সম্ভবত চিটাগং কিংসের মালিক বলেছেন। আমি তার সঙ্গে আজ কথা বলেছি। এবং তাকে সতর্ক করেছি। কোনো প্লেয়ারের ব্যাপারে এ ধরনের কথা বলার রাইটস তার নেই। প্লেয়ারকে তো একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়ে এসেছেন এবং তাকে টাকা পরিশোধ করতে বাধ্য, পারফরম্যান্স যেমনই হোক।’




