“ইন্ডাস্ট্রিতে তখন অসামাজিক কার্যকলাপ চলছিলো” | চ্যানেল আই অনলাইন

“ইন্ডাস্ট্রিতে তখন অসামাজিক কার্যকলাপ চলছিলো” | চ্যানেল আই অনলাইন

নব্বই দশকের শেষের দিকে চলচ্চিত্রে আবির্ভাব হয়েছিল শাকিল খানের। আমার ঘর আমার বেহেশত, নারীর মন, বিয়ের ফুল, এই মন তোমাকে দিলাম, বর্ষা বাদল, বলোনা ভালোবাসি, সাথী তুমি কার, তোমাকেই খুঁজছি-সহ আরও অনেকগুলো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

তখন শাবনূর, পপি, পূর্ণিমা, মৌসুমীদের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমা করেছিলেন শাকিল খান। সেইসব সিনেমার কিছু কিছু গান আজও দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। তবে শাকিল খানের সেই ব্যস্ততা বেশি বছর দীর্ঘ স্থায়ী হয়নি। তিনি সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

কিন্তু কেন? ২৪তম সিজেএফবি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন সেই বিষয়ে শাকিল খান বলেন, আমার পরিবার সংস্কৃতিমনা এটা সত্য, কিন্তু তারা কোনো ধরনের ভালগার বা অপসংস্কৃতি দেখতে চায় না। কন্টিনিউ ইন্ডাস্ট্রিতে তখন অসামাজিক কার্যকলাপ চলছিলো। এর ফলে আমি সিনেমা থেকে ব্যাক টু প্যাভিলিয়নে গিয়েছিলাম, কোনো কাজ করিনি।

তবে এখন অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে বলে মনে করেন শাকিল। “আমি মনে করি দর্শকের আরও এগিয়ে আসা উচিত”-যোগ করে বলেন শাকিল খান।

সিনেমা হলের সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে শাকিল খান বলেন, যে সরকার আসুক না কেন আমি আহ্বান জানাই এ ব্যাপারে নজর দেয়ার জন্য। যারা হলগুলো বন্ধ করে মার্কেট কিংবা কমিউনিটি সেন্টার গড়েছেন, সেখানে ছোট হলেও একটা থিয়েটার যেন গড়ে তোলা হয়। গ্রাম গঞ্জের মানুষ যেন সেখানে গিয়ে বড়পর্দায় সিনেমা দেখতে পারে।

Scroll to Top