ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

খুলনার রূপসায় নিজ ইটভাটার ভেতর থেকে ফখরুল শেখ (৩৫) নামের এক যুবদল কর্মীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফখরুল শেখ রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং নৈহাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

​স্বজনরা জানান, ইটভাটায় প্রায়ই চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার স্বার্থে ফখরুল রাতে সেখানে পাহারা দিতেন। ঘটনার রাতেও তিনি ভাটার ভেতরে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্ববিরোধ, রাজনৈতিক কোন্দল নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

​এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Scroll to Top