ইউরোপের ‘এশিয়া কাপ’ পরিকল্পনা করছে আয়ারল্যান্ড | চ্যানেল আই অনলাইন

ইউরোপের ‘এশিয়া কাপ’ পরিকল্পনা করছে আয়ারল্যান্ড | চ্যানেল আই অনলাইন

২০২৭ ইউরো নেশনস কাপ ক্রিকেট চালুর পরিকল্পনা করছে আয়ারল্যান্ড বোর্ড। সংস্থাটির চেয়ারম্যান ব্রাইন ম্যাকনিস জানিয়েছেন, এশিয়া কাপের আদলে টুর্নামেন্টটি আয়োজন করতে চান।

টুর্নামেন্টে ইউরোপের দলগুলো লড়বে। যার মধ্যে অন্যতম ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইতালি। প্রতিযোগিতাটি টি-টুয়েন্টি ফরম্যাটে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে ছেলে-মেয়ে উভয় বিভাগের ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে।

ম্যাকনিস বলেছেন, ‘অনেকদিন ধরেই বিভিন্ন অংশীজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। এটি এমন একটি উদ্যোগ, যার প্রতি আমি গভীরভাবে আগ্রহী এবং বিশ্বাস করি এটা আয়োজন করা সম্ভব। আলোচনাগুলো এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, টুর্নামেন্ট বাস্তবায়ন নিয়ে আমি আরও আত্মবিশ্বাসী।’

ম্যাকনিস আশা করছেন, ২০২৭ সালের গ্রীষ্মে এটি শুরু হবে। বিস্তারিত ফরম্যাট ও অন্যান্য তথ্য আগামী কয়েকমাসের মধ্যে ঘোষণা করা হবে। নতুন ইউরোপীয় টুর্নামেন্টের পরিকল্পনা বাস্তবায়ন হলে আয়ারল্যান্ডের পাশাপাশি ইউরোপের বাকি দেশগুলোর ক্রিকেট আন্তর্জাতিক সূচি আরও শক্তিশালী হবে।

Scroll to Top