শুরুটা হয়েছিল আহমেদাবাদের তপ্ত রোদে, ধুলো ওড়া নেটে। রোগাপাতলা এক কিশোর বোলার, যার লক্ষ্য ছিল একটাই—ব্যাটসম্যানের মাথা লক্ষ্য করে বল মারা। শর্ট বল ছাড়া সে আর কিছু বোঝে না। তার কোচ কিশোর ত্রিবেদী একদিন ডেকে বললেন, ‘বাপু, শুধু গতি দিয়ে হবে না। টিকে থাকতে হলে বৈচিত্র্য চাই। কাটার শেখো, ইয়র্কার মারো। ব্যাটসম্যানকে বোকা বানাতে শেখো।’
পেশাদার ক্রিকেটে যশপ্রীত বুমরার হাতেখড়ি অন্য ভারতীয় ক্রিকেটারদের তুলনায় বেশ দেরিতে। বয়স তখন তাঁর ১৬। ভারতের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট দুনিয়ায় টিকে থাকতে হলে তাকে শিখতেই হতো। সেই ছিপছিপে ১৬ বছরের কিশোরের কাছে অস্ত্র বলতে ছিল তার অভিনব বোলিং অ্যাকশন আর আগুনে গতি। ওই অ্যাকশন তো আগে কখনো দেখেইনি কেউ! না আহমেদাবাদে, না ভারতে, না পৃথিবীর আর কোথাও।


