কক্সবাজারের টেকনাফে অসুস্থ স্ত্রী হাতিকে একা ছাড়ছে না পুরুষ হাতি। আহত সঙ্গীর পাশে সারাক্ষণ অবস্থান করছে সে। হাতি দুটির এমন দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে বাহারছড়া পাহাড় থেকে হাতি দুটি লোকালয়ে নেমে আসে। স্থানীয়দের ভাষ্য, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। চামড়া উঠে যাওয়ায় যন্ত্রণায় ঠিকমতো হাঁটতে পারছে না সেটি। গত কয়েক দিন ধরে জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘুরতে দেখা যাচ্ছে।
স্থানীয়দের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কীভাবে বা কারা তাকে আঘাত করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
আহত হাতিটির দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে বন বিভাগের দল ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
এদিকে আহত হাতিটির কাছে গিয়ে বিরক্ত না করতে বা আক্রমণের চেষ্টা না করতে স্থানীয়দের সতর্ক করেছেন তিনি।


