আবাসন ও শ্রম আইন লঙ্ঘন: সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজার প্রবাসী – DesheBideshe

আবাসন ও শ্রম আইন লঙ্ঘন: সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজার প্রবাসী – DesheBideshe


আবাসন ও শ্রম আইন লঙ্ঘন: সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজার প্রবাসী – DesheBideshe

রিয়াদ, ১ আগস্ট – আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে সৌদি আরবে ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে আইন অমান্য করার দায়ে প্রায় ১২ হাজার ৬১৩ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানায়, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশটির বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ হাজার ১০৩ জন আবাসন আইন, ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে দেশ ত্যাগের চেষ্টার সময় আটক হন ২৩ জন। পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দেওয়ার অপরাধে সৌদিতে বসবাসরত ১৭ জন ব্যক্তিকেও আইনের আওতায় আনা হয়েছে।

বর্তমানে দেশটিতে ৩০ হাজার ৬৭৯ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এর মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৫ হাজার ৪২৪ জনকে চূড়ান্ত প্রস্থানের প্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবে বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষের বসবাস যার একটি বড় অংশই প্রবাসী শ্রমিক। দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এই বিষয়ে দেশটির প্রশাসন নিয়মিত কঠোর সতর্কবার্তা জারি করে আসছে।

এনএন/ ১ আগস্ট ২০২৬



Scroll to Top