
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আবারও বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে কিউবা। দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপজুড়ে লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। চলতি বছরে এটি দেশটির অন্যতম বড় জাতীয় বিদ্যুৎ বিপর্যয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিউবার জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়টি জানায়। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে। কয়েক বছর ধরে জ্বালানি সংকট, পুরোনো অবকাঠামো এবং বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোর ঘন ঘন বিকল হওয়ার কারণে কিউবার বিদ্যুৎব্যবস্থা চাপে রয়েছে। চলতি বছরের জুলাই ও আগস্টেও দেশটিতে একাধিকবার বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
কিউবার সরকার দীর্ঘদিন ধরে চলমান বিদ্যুৎ সংকটের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও জ্বালানি অবরোধকে দায়ী করে আসছে। হাভানার দাবি, নিষেধাজ্ঞার কারণে বিদ্যুৎকেন্দ্র পরিচালনার প্রয়োজনীয় জ্বালানি এবং পুরোনো অবকাঠামো সংস্কারের যন্ত্রাংশ আমদানি করা কঠিন হয়ে পড়েছে। তবে ওয়াশিংটন কিউবার অর্থনৈতিক ও বিদ্যুৎ সংকটের জন্য দেশটির সরকারের নীতিকেও দায়ী করে থাকে।
কিউবার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটির বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা বড় ধরনের ঘাটতির মধ্যে রয়েছে। দেশটির বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র কয়েক দশক পুরোনো। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এসব কেন্দ্রে প্রায়ই বিভিন্ন ধরনের কারিগরি সমস্যা দেখা দিচ্ছে।
জাতীয় গ্রিড পুরোপুরি বন্ধ না থাকলেও দেশটির বিভিন্ন এলাকায় নিয়মিত দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। কোনো কোনো এলাকায় একটানা ৩০ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকার ঘটনাও ঘটছে। এতে রান্না, পানি সরবরাহ, যোগাযোগ ও ইন্টারনেট সেবাসহ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।
দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে পরিবহন ও কর্মক্ষেত্রেও। বিদ্যুৎ ঘাটতির কারণে কোথাও পরিবহনসেবা সীমিত করা হয়েছে, কমানো হয়েছে কর্মঘণ্টা। এমনকি উড়োজাহাজের ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জরুরি সেবাতেও এর প্রভাব পড়ছে।
জ্বালানি সংকটের মধ্যে নতুন করে জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় কিউবার চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…