আবারও বাড়ল স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

আবারও বাড়ল স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও সংশোধন করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭২৪ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৪ হাজার ৫৪৯ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯১৬ টাকা।

Scroll to Top