অথচ ওয়েলিংটনে মাঠে নামার আগে পন্তের সময়টা ভালো যাচ্ছিল না। চোটের কারণে গত আগস্টের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল তাঁর সর্বশেষ ম্যাচ।
এরপর অক্টোবরে ইরানি ট্রফিতে সাইড স্ট্রেইনের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। নিউজিল্যান্ড সফরে আসার আগে ভারত ‘এ’ দলের হয়েও খেলা হয়নি। এমন অবস্থায় ফিরে এসেই ১২৮ রানের ইনিংস। পন্তের ব্যাটিংয়ে যেন চোটের দীর্ঘ বিরতির কোনো ছাপই নেই।
তবে ভারতের ব্যাটিংয়ের গল্পে পন্ত একা নন। সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুলও। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩৬ রান। এ ছাড়া পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন যশস্বী জয়সোয়াল, দেবদূত পাড়িক্কাল, শুবমান গিল ও ধ্রুব জুরেল। সব মিলিয়ে ভারত প্রথম ইনিংসে তুলেছে ৭২০ রান। লিড পেয়েছে ৩৫২ রানের। জবাবে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান। এখনো ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিকেরা।


