
ঢাকা, ১৭ মার্চ – পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতরের টানা ছুটিতে অনেকেই পরিবার পরিজন নিয়ে দেশের বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রায়ই ভিসা সংক্রান্ত জটিলতায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য একটি সুখবর রয়েছে।
আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। হেনলি অ্যান্ড পার্টনার্সের বৈশ্বিক পাসপোর্ট সূচকের সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। নতুন এই সূচক অনুসারে বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
এই দেশগুলোর মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু।
এসব দেশের মধ্যে কয়েকটিতে বিমানবন্দরে পৌঁছানোর পর অন অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে এবং কয়েকটিতে ভ্রমণের আগে ই ভিসা সংগ্রহ করতে হবে। অন্যদিকে হেনলি অ্যান্ড পার্টনার্সের এই হালনাগাদ তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে এশিয়ার দেশ সিঙ্গাপুর।
যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সূচক অনুযায়ী তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন এবং সংযুক্ত আরব আমিরাত।
চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। পঞ্চম অবস্থানে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।
এ এম/ ১৭ মার্চ ২০২৬





