
ঢাকা, ১৯ জানুয়ারি – সরকার আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় সব বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব আবেদা আফসারী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিকটস্থ থানায় বৈধ অস্ত্র সমর্পণ করতে হবে। এছাড়া ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা কোনো আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন করতে পারবেন না। তবে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য’ ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’-এর অধীনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও তার সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শনের এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই আদেশ অমান্য করলে দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬





