
ঢাকা, ২৩ আগস্ট – চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি টাকা, যেখানে প্রতি ডলারের বিনিময় হার ধরা হয়েছে ১২৩ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, গত বছরের তুলনায় চলতি বছর রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের আগস্টের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে এ বছর প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ। বিশেষ করে ২০ ও ২২ আগস্ট এই দুই দিনেই দেশে এসেছে ১১৭ মিলিয়ন ডলার।
ব্যাংকভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৭৮ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ কোটি ৭৬ লাখ ডলার এসেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১৫১ কোটি ৭৪ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
তবে রেমিট্যান্স আসার ক্ষেত্রে ৮টি ব্যাংকের চিত্র হতাশাজনক। এসব ব্যাংকের মাধ্যমে চলতি মাসের প্রথম ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হলো রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক।
এছাড়া তালিকায় রয়েছে বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
এনএন/ ২৩ আগস্ট ২০২৬


