আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রমের প্রতিবেদন ইসিতে পাঠানোর নির্দেশ – DesheBideshe

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রমের প্রতিবেদন ইসিতে পাঠানোর নির্দেশ – DesheBideshe

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রমের প্রতিবেদন ইসিতে পাঠানোর নির্দেশ – DesheBideshe

ঢাকা, ১২ জানুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে এবং নির্বাচনপূর্ব অনিয়ম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল কর্তৃক গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে আয়োজন এবং নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে পরিপত্র-৯ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সেলটির কার্যপরিধি অনুযায়ী গৃহীত সব কার্যক্রমের প্রতিবেদন নিয়মিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনার আলোকে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের নামের তালিকা (মোবাইল নম্বরসহ) জরুরিভাবে ইসি সচিবালয়ে পাঠানোর জন্য সব রিটার্নিং অফিসারকে অনুরোধ জানানো হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করতে হবে। এই সেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, পুলিশ সুপার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি, পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর মনোনীত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

সেলটি নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক অবস্থা সম্পর্কে নিয়মিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করবে। একই সঙ্গে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার, বেআইনি অস্ত্র উদ্ধারে অভিযান বৃদ্ধি, চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন এবং চাঁদাবাজ, মাস্তান ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬



Scroll to Top