অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিক আরিয়ান, প্রয়োজন জরুরি অস্ত্রোপচার – DesheBideshe



মুম্বাই, ১৯ আগস্ট – বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান বর্তমানে তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। চন্দু চ্যাম্পিয়ন সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের রেশ কাটতে না কাটতেই এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা।

পরিচালক কবীর খানের নতুন একটি সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন তিনি। আঘাতের গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সিনেমাটির শেষ দুই দিনের শুটিং চলছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি জটিল স্টান্ট করার সময় এই দুর্ঘটনা ঘটে। যদিও কার্তিক দীর্ঘ সময় ধরে পেশাদার প্রশিক্ষকদের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন তবুও স্টান্ট করার এক পর্যায়ে তার হাঁটুতে গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পরপরই শুটিং স্থগিত করে তাকে দ্রুত মুম্বাইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে কার্তিকের হাঁটুতে দ্রুতই অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের পর তাকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে বেশ কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার আগে তিনি কোনো কাজ শুরু করতে পারবেন না। সুস্থ হওয়ার পর তিনি পরিচালক অনুরাগ বসুর পরবর্তী সিনেমার শুটিংয়ে যোগ দেবেন।

চন্দু চ্যাম্পিয়ন সিনেমার সাফল্যের পর কবীর খান ও কার্তিক আরিয়ান জুটির এটি দ্বিতীয় কাজ। সিনেমাটির সঙ্গে কার্তিকের নিজস্ব প্রযোজনা সংস্থা ডোপামিন স্টুডিওস যুক্ত রয়েছে। এছাড়া বর্তমানে এই অভিনেতার হাতে নাগজিলা এবং ক্যাপ্টেন ইন্ডিয়া-র মতো বেশ কিছু বড় বাজেটের প্রজেক্ট রয়েছে।

এনএন/ ১৯ আগস্ট ২০২৬



Scroll to Top