২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের লাল বলের সিরিজ খেলবে টিম টাইগার্স। শুরুর আগে ভালোভাবে প্রস্তুতি সারছে নাজমুল হোসেন শান্তর দল। ডারউইনের সুযোগ-সুবিধায় মুগ্ধ স্পিনার তাইজুল ইসলাম। বলছেন, ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি সারছে দল।
আগামী ১৩ আগস্ট থেকে ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ। ২২ আগস্ট থেকে ম্যাকাইতে গড়াবে দ্বিতীয় ম্যাচ। তার আগে ৬ আগস্ট থেকে ডারউইনে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন শান্তরা।
সোমবার প্রথমদিনের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। পরে বিসিবির পাঠানো ভিডিওতে তাইজুল জানালেন, অস্ট্রেলিয়ায় প্রাপ্ত সুযোগ-সুবিধার কথা। সবার আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া লম্বা ভ্রমণের অভিজ্ঞতার কথা জানান তিনি। বিরতি থাকায় বিশ্রাম নিতে পেরেছিল দল।
তাইজুল বললেন, ভ্রমণ ভালো ছিল, আমরা আসার সময় একটা ট্রানজিট পেয়েছিলাম। ট্রানজিটে যথেষ্ট বিশ্রামের একটা বিষয় ছিল। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে।

অস্ট্রেলিয়ার সুযোগ-সুবিধা নিয়ে তাইজুল বলেছেন, ‘যে সুযোগ-সুবিধা পাচ্ছি বা সবকিছু মিলে ভালো প্রস্তুতি হচ্ছে। প্রথমদিনের অনুশীলন খুব ভালো হয়েছে। এখানে সুযোগ-সুবিধা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে বোলিং, ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং, সবধরনের কার্যক্রম আমরা করতে পারছি। খুব ভালো হচ্ছে।’




