
নারায়ণগঞ্জ, ২৬ মার্চ – নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ দেখা দিয়েছে। এর ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের গজারিয়া অংশের জামালদী বাস স্টেশন থেকে ভবেরচর কলেজ রোড বাউশিয়া পাখির মোড় এলাকা পর্যন্ত ঢাকাগামী লেনে এই যানজট দেখা যায়।
সরেজমিনে দেখা যায় জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। বাস, পণ্যবাহী ট্রাক, লরি, মাইক্রোবাস থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনগুলোও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। ফলে সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উৎসবের কারণেই মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যানজট নিরসনে মহাসড়কে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
এস এম/ ২৬ মার্চ ২০২৬





