অন্ধকার অধ্যায় যেন আর ফিরে না আসে, সেজন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে – DesheBideshe

অন্ধকার অধ্যায় যেন আর ফিরে না আসে, সেজন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে – DesheBideshe

অন্ধকার অধ্যায় যেন আর ফিরে না আসে, সেজন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে – DesheBideshe

বরিশাল, ১১ জানুয়ারি – প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গত ১৬ বছর ধরে দেশ গুম, খুন ও দমন–পীড়নের মতো ভয়াবহ এক অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে গেছে। সেই সময় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য আসন্ন গণভোটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের বৃহত্তর কল্যাণে আমাদের এক জায়গায় দাঁড়াতে হবে। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।”

জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে সব শ্রেণি–পেশার মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিস্ট শাসনামলে গুম, খুনসহ নানা ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে। ভবিষ্যতে এমন অমানবিক পরিস্থিতি আর না চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে এবং এর পক্ষে প্রচারণায় সবাইকে সক্রিয় হতে হবে।

বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামীসহ অন্যান্যরা।

বিশেষ অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী না হলে খুনি-মাফিয়া ফ্যাসিস্ট শক্তি আবার মাথাচাড়া দিতে পারে। বিদেশে পাচার করা বিপুল অর্থ ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।”

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬



Scroll to Top