অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি রোববার (২৯ মার্চ) তৃতীয় দফার বৈঠকে বসবে। বৈঠকটি রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটি আগামীকাল (রোববার) রাত সাড়ে ৮টায় বৈঠকে বসছে। বৈঠকে অধ্যাদেশগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যার ভিত্তিতে বিশেষ কমিটির প্রতিবেদন তৈরি করা হবে। প্রতিবেদন ২ এপ্রিল সংসদে উত্থাপন করা হবে এবং এরপর নিয়ম অনুযায়ী আইন প্রণয়নের কার্যাবলীতে অন্তর্ভুক্ত হবে।’

ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশনে এই বিশেষ কমিটি গঠন করা হয়। ওই দিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন, যা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার সুরক্ষা, পুলিশ কমিশন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত অধ্যাদেশ। বিশেষ কমিটির গত বৈঠক অনুষ্ঠিত হয় ২৪ ও ২৫ মার্চ।

Scroll to Top