অডিও ভাইরালের পর লক্ষ্মীপুর যুবঅধিকার পরিষদের সভাপতি বহিষ্কার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’ এমন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর লক্ষ্মীপুর জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

ভিপি নুর

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ফারুক হোসেনকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্টের কাজ, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ড বাবদ প্রাথমিক খরচ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করতে শোনা যায়। তবে অডিও রেকর্ডটির সত্যতা ও পূর্ণাঙ্গতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বা কোনো ধরনের সম্পাদনা করা হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

সংগঠনের প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘আমার নাম ব্যবহার করে ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই।’

ইতোমধ্যে অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকেও (এসপি) বলা হয়েছে বলে তিনি জানান।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তার দাবি, স্থানীয় একটি চক্র এআই প্রযুক্তির সাহায্যে ভয়েস কাটাছেঁড়া ও সম্পাদনা করে ওই অডিও তৈরি করেছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ফারুক হোসেন বলেন, ‘আমার এলাকার সাকিব নামের এক ছোট ভাই পাসপোর্ট করে দেওয়ার কথা বললে আমি পাঁচ হাজার টাকার কথা বলি। সেই পাঁচ হাজার টাকাকেই এআই দিয়ে পাঁচ লাখ বানানো হয়েছে।’

Scroll to Top